রাজশাহীতে আমের মুকুলে সোনালি স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: বসন্তের ছোঁয়ায় নতুন রঙে সেজেছে প্রকৃতি। আমের শহর রাজশাহীতে গাছে গাছে ফুটেছে সোনালি মুকুল। বাতাসে ভাসছে মিষ্টি ঘ্রাণ, আর সেই সুবাসে প্রাণ ফিরে পেয়েছে গ্রাম-জনপদ। নতুন মৌসুমের শুরুতেই আমের মুকুলকে ঘিরে সোনালি স্বপ্ন বুনছেন এখানকার চাষিরা।
শীতের কুয়াশা কাটিয়ে নরম রোদ আর মৃদু বসন্তের হাওয়ায় আমগাছগুলো ভরে উঠেছে মুকুলে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনালি রঙের মুকুল যেন প্রকৃতির এক গোপন কবিতা। ধানের পরেই আম-রাজশাহী অঞ্চলের কৃষকদের কাছে সবচেয়ে ভরসার ফসল।
বাগানগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ গাছে সেচ দিচ্ছেন, কেউবা রোগবালাই থেকে মুকুল রক্ষায় স্প্রে করছেন। চাষিদের ভাষ্য, ভালো মানের মুকুল পেতে প্রায় তিন মাস ধরে ৬ থেকে ৭ বার ওষুধ প্রয়োগ করতে হয়।
তাদের আশা, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে এবার ফলন ভালো হবে। অনেকেই জানান, প্রায় সব গাছেই মুকুল এসেছে-যা গত কয়েক বছরের তুলনায় আশাব্যঞ্জক।
এ বিষয়ে রাজশাহী ফল গবেষণা কেন্দ্র-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, “প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ গাছে মুকুল আসতে পারে। বর্তমান আবহাওয়া মুকুলের জন্য অনুকূল। এ ধারা অব্যাহত থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন।
সব মিলিয়ে আবহাওয়ার সহায়তা ও চাষিদের যত্নে এবার আমের মৌসুমকে ঘিরে রাজশাহীতে আশাবাদের সুবাতাস বইছে।




