১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ এসআই ও সার্জেন্ট

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬; সময়: ৫:৩৮ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক: প্রায় ১৯ বছর পর পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট চাকরি ফিরে পাচ্ছেন। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-দের নিয়োগ আদেশ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

এ ছাড়া তাদের মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাসসহ মোট শিক্ষানবিশকাল দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিধিবিধান অনুসরণ করে পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এই আদেশে নিয়োগপ্রাপ্ত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর বাইরে একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। সেক্ষেত্রে গঠিত কমিটি প্রার্থীর বৈধতা যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের বিষয়ে যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন