ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব

পদ্মাটাইমস ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, তাঁর সহকারীসহ আরও তিন কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে বহিষ্কার করেছে সৌদি আরব। রিয়াদ-তেহরান সম্পর্কের এই অবনতি নতুন করে সংঘাতের শঙ্কা বাড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলার অভিযোগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরব-এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বর্তমানে প্রায় প্রতি ঘণ্টায় হামলার সতর্কতা জারি করতে হচ্ছে।
প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, ইরান থেকে গড়ে প্রতিদিন প্রায় ৫০টি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা হচ্ছে।
রোববার সকালে রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে এবং বাকি দুটি জনশূন্য এলাকায় আঘাত হানে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে যেকোনো সময় পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও একই সুরে ইরান-কে সতর্ক করছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে।




