বগুড়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা হুমায়রা (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোরের দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ।
তিনি জানান, শিশুটির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে র্যাশ ছিল এবং অবস্থার অবনতি হলে ভোরে সে মারা যায়।
উপ-পরিচালক আরও জানান, হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। বর্তমানে সেখানে ১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানান তিনি।
ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, মৃত শিশুটির নমুনা সংগ্রহের চেষ্টা করা হলেও অভিভাবকদের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী অভিভাবকের সম্মতি ছাড়া নমুনা সংগ্রহ করা যায় না।




