জনবল ও ওষুধ সংকটে ধুঁকছে চারঘাটের কমিউনিটি ক্লিনিক

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে দীর্ঘদিন ধরে ওষুধ সংকট ও অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় ওষুধ ও সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে তিনজন করে স্বাস্থ্যকর্মী থাকার কথা থাকলেও অধিকাংশ ক্লিনিকে রয়েছেন মাত্র একজন বা দুজন।
বুধবার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, প্রায় সাত মাস ধরে ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ঔষুধের সরবরাহ নেই। জ্বর, কাশি, সর্দি, গ্যাস্ট্রিক ও ব্যথানাশকসহ প্রায় ২২ ধরনের ঔষুধ থাকার কথা থাকলেও সেগুলোর বেশিরভাগই নেই। ফলে রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচ করে ওষুধ কিনতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার।
সকালে সরেজমিনে নিমপাড়া ও ভায়ালক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের পরেও ক্লিনিক বন্ধ। কোথাও স্বাস্থ্যকর্মী অনুপস্থিত, আবার কোথাও একজন কর্মী দিয়েই পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে চিকিৎসা না পেয়ে অনেক রোগীকেই ফিরে যেতে হচ্ছে।
ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম বলেন, নিয়মিত ক্লিনিক খোলা না থাকায় জরুরি সময়ে স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা বেশি সমস্যায় পড়ছেন।
ভায়ালক্ষীপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামরোজ সুলতানা জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ ওষুধ পেয়েছেন। এরপর আর কোনো সরবরাহ আসেনি। ফলে রোগীদের চাপ ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, জনবল সংকটের কারণে একাধিক দায়িত্ব পালন করতে হয়। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি কাজে অংশ নিতে গিয়ে অনেক সময় ক্লিনিক বন্ধ রাখতে হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত জনবল ও নিয়মিত ওষুধ সরবরাহ না থাকায় মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তাদের দাবি, দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত, নিয়মিত ক্লিনিক খোলা রাখা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনতে হবে।
এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, “সরকারিভাবে সীমিত পরিমাণ ওষুধ সরবরাহ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংকট নিরসনে চেষ্টা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনার আশা করছি।”




