তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি মিলন

প্রকাশিত: মে ১৭, ২০২৬; সময়: ১২:৪৯ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

রোববার (১৭ মে) সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মিলন বলেন, স্বাস্থ্যসেবা কার্যকর করতে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, “একদিনের ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসায় দীর্ঘমেয়াদি রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। রোগীদের নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা প্রয়োজন।”

তিনি এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীরা যাতে সহজে পরবর্তী চিকিৎসা নিতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার। এতে তৃণমূল পর্যায়ের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে এবং চিকিৎসার সুফল দীর্ঘস্থায়ী হবে।

বক্তব্যে তিনি বর্তমান সরকারকে জনবান্ধব ও জবাবদিহিমূলক সরকার হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা, চিকিৎসা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, মেগা প্রকল্পের নামে অনিয়ম রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। জনগণের কষ্টার্জিত অর্থ যেন যথাযথভাবে উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যয় হয়, সে লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সেলিম রেজা, ডা. তাসনিয়া রেজা ও ডা. এসএস সাকিলা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে ক্যাম্প এলাকায় ছিল প্রাণবন্ত পরিবেশ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী এবং সঞ্চালনা করেন ইউপি সচিব মো. আব্দুল্লাহিল কাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রেজাউল করিম, সদস্য সচিব মো. মোকলেসুর রহমান রেন্টু, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন