রাজশাহীতে মিছিল করায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১০, ২০২৬; সময়: ১০:২৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নওশাদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি মুখে মাস্ক পরে মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের দাবি, ওই মিছিলের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একই দিন পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার নওশাদ আলী পবা থানার আলাইবিদিরপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

আরএমপি কমিশনারের নির্দেশনায় এবং পবা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন