বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে বিএনপি নেতার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে নিজেদের পছন্দের ব্যক্তি রাখার দাবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পাঠদান চলাকালে স্থানীয় চার ব্যক্তি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার কক্ষে প্রবেশ করেন। তারা হলেন- স্থানীয় বিএনপি নেতা মশিউর রহমান, সাজেদুর রহমান, বিএনপি কর্মী রাজু আহমেদ ও লিটন হোসেন।
অভিযোগে বলা হয়, তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাদের পছন্দের ব্যক্তি আবুল কাশেম মণ্ডলের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, কমিটি গঠনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং বিষয়টি এককভাবে তার এখতিয়ারের মধ্যে নয়।
এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে পাশের কক্ষ থেকে বিদ্যালয়ের কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্তরা প্রধান শিক্ষককে বিদ্যালয় ছাড়তে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শুক্রবার দুপুরে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। জিডিতে চারজনের নাম উল্লেখ করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, “হুমকির পর আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্তদের মধ্যে সাজেদুর রহমান ২০২৪ সালের ৫ আগস্ট হাট গাঙ্গোপাড়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলেন। এছাড়া অভিযুক্তদের কয়েকজন এর আগেও বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে রাজু আহমেদ, লিটন হোসেনসহ অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শুধু বিদ্যালয়ে গিয়ে নিজেদের দাবি জানিয়েছেন, কাউকে হুমকি দেওয়া হয়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডাকা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




