রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার সকালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে আয়োজিত এ কর্মসূচি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বয়সভিত্তিক নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা ও শিশুস্বাস্থ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
উদ্বোধনের পর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের আওতাধীন ৩৮৪টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সব মিলিয়ে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহৎ এ স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।




