পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রকাশ হলো ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ১:৩২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসব স্মারক প্রকাশ করেন।

এবারের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছরের ধারাবাহিকতায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে আসছে। সংশ্লিষ্টদের মতে, এসব স্মারক দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ডাক বিভাগের ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন