ব্রাজিল ম্যাচ ঘিরে হিমির আত্মবিশ্বাস, সংশয়ে পড়শী

শেষ ষোলোর মহারণের আগে সামাজিক মাধ্যমে দুই তারকার ভিন্ন প্রতিক্রিয়া, জমে উঠেছে ভক্তদের আলোচনা

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ৪:২৯ pm | 
খবর > বিনোদন

বিনোদন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ নরওয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে উত্তেজনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। সেই উন্মাদনায় শামিল হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। তবে প্রিয় দল ব্রাজিলকে নিয়ে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও সংগীতশিল্পী পড়শীর প্রতিক্রিয়ায় দেখা গেছে ভিন্ন চিত্র।

ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে আত্মবিশ্বাসী বার্তা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি লেখেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!

হিমির এই পোস্টে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, আবার কেউ নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রসঙ্গ টেনে মজার মন্তব্য করেছেন।

অন্যদিকে সংগীতশিল্পী পড়শী একই ম্যাচ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, জিতবো আজ?

পড়শীর এই প্রশ্নের জবাবে ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ব্রাজিলের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ রসিকতা করে নরওয়ের সম্ভাব্য জয়ের কথাও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াই ঘিরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পাশাপাশি বাংলাদেশের তারকা ও সমর্থকদের মধ্যেও বিরাজ করছে তুমুল উত্তেজনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন