পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ৩:৪০ pm | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বন্যা পরিস্থিতি, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সমালোচনা এবং চলমান পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া মানবিক নয় এবং এটি শিক্ষার্থীদের প্রতি অবিচার।

এ সময় তারা সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তুলে বলেন, প্রশ্ন প্রণয়ন ও পরীক্ষা ব্যবস্থাপনায় একের পর এক ত্রুটি দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন এবং তার পদত্যাগের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের বাস্তব সমস্যার প্রতি গুরুত্ব না দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে পরীক্ষার সময়সূচি বহাল রাখা অমানবিক।

শিক্ষার্থীরা আরও বলেন, পানিবন্দি অবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের পরীক্ষাগুলো অবিলম্বে স্থগিত করতে হবে।

এক শিক্ষার্থী বলেন, “আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যারা বন্যাকবলিত এলাকায় রয়েছে, তারা কীভাবে পরীক্ষা দেবে? মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা স্থগিত করা উচিত।”

আরেক শিক্ষার্থী বলেন, “প্রশ্নপত্রে ভুল হচ্ছে, আবার বন্যার মধ্যেও পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনের পরীক্ষা স্থগিতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে রাজশাহীসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডেও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন