পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

ত্রাণের পর কৃষকদের জন্য সার-বীজ সহায়তা, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায়ও প্রস্তুতির কথা জানালেন আমির খসরু

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬; সময়: ৩:২২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বন্যাকবলিত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গার মাইঝপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকা ও হাদীপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির শুরু থেকেই সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে ত্রাণ কার্যক্রম শেষে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া বন্যা-পরবর্তী সময়ে সম্ভাব্য রোগব্যাধি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যেকোনো স্বাস্থ্যঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

তিনি আরও বলেন, পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চট্টগ্রামের চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন