স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিকে জামায়াতের প্রস্তাব

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ না রাখতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে দেওয়া এক চিঠিতে দলটি প্রস্তাব করেছে, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান প্রস্তাবিত আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হোক।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জামায়াত তাদের মতামত জমা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত একটি প্রস্তাবও দেয়, যাতে কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।




