বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর
এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়, এক্সপোও পরিদর্শন

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফআইসিসিআই এফডিআই কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব নীতিমালা, প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও আস্থাশীল ও সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করা হবে।
তিনি বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা জোরদারে অগ্রাধিকার দিচ্ছে।
সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিনিয়োগ সম্প্রসারণ, নতুন সম্ভাবনা এবং বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




