শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কায়লারবাড়ি এলাকায় একটি ওয়ে ব্রীজ নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিফাত আলী (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় তারা সকালে কয়লাবাড়ি এলাকায় পণ্যবাহী ট্রাকের ওজন নিয়ন্ত্রণের জন্য নির্মাণাধীন একটি ওয়ে ব্রীজের কাজ করছিলেন।
এসময় ওয়েব্রীজের কাছে সদ্য নির্মিত একটি ড্রেনে জমে থাকা বৃষ্টির পানি নিস্কাশনের জন্য জন্য পাইপে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন।
রিফাত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নওশিন বেগম তাকে মৃত্যু ঘোষণা করেন।
তবে বিষয়টি জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি লিটনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




