বিজিবি সদস্য রইশুদ্দীন হত্যা: জাতিসংঘের অধীনে তদন্ত চায় বিএনপি

পদ্মাটাইমস ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য রইশুদ্দীন হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (২৭ জানুয়ারি) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ২১ জানুয়ারি ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা বিজিবির সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত সবচেয়ে সহিংস ও রক্তস্নাত। ভারত থেকে বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ক্রমাগত বাড়ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে ৭ বছরে ২০১ বাংলাদেশি নাগরিক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনকে গুলি করে হত্যার পর বিএসএফের পক্ষ থেকে যা বলা হয়েছে তা অগ্রহণযোগ্য। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, তিনি (নিহত ব্যক্তি) বিজিবির সদস্য তা তারা বুঝতেই পারেনি, তিনি লুঙ্গী ও টিশার্ট পরে ছিলেন এবং পাচারকারী দলের সঙ্গে তাকে ভারতের সীমানার ভেতরে দেখা গিয়েছিল। একজন বিজিবি সদস্য কীভাবে লুঙ্গী আর টিশার্ট পরে পাচারকারী দলের সঙ্গে মিশে থাকতে পারেন সেটি তাদের বোধগম্য নয়- এই বয়ান শুধু বানোয়াটই নয়, ভারতীয় নীতি নির্ধারকদের ‘বিগ ব্রাদার’ সুলভ গরীমা থেকে উৎসাহিত হয়ে বিএসএফ তাদের হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইছে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন বিজিবি সদস্য কখনই লুঙ্গি ও টিশার্ট পরে পাচারকারী দলের সঙ্গে থাকতে পারেন না। বিএসএফের মন্তব্যের সঙ্গে ভারতের মানবাধিকার সংগঠন ‘মাসুম’ও দ্বিমত পোষণ করেছে। বিএসএফের এমন আচরণের ইতিহাস যুগপত হিংসাশ্রয়ী ও রক্তপাতের মধ্য দিয়ে এগিয়েছে। বরাবরই বিএসএফের অপরাধকর্ম এবং বয়ানের মধ্যে দুস্তর ব্যবধান থাকে। তাদের আচরণে মনে হয় তারা আদিম ও মধ্যযুগ পেরোতে পারেনি।
রিজভী বলেন, মোহাম্মদ রইশুদ্দীনকে হত্যা করার পর তাদের মনগড়া বয়ানকে বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই মর্মস্পর্শী হত্যাকাণ্ড বাংলাদেশজুড়েই ক্ষোভ ও বিক্ষোভে আলোড়িত। জ্বলে উঠেছে বাংলাদেশ। ভারতের উচ্চাকাঙ্ক্ষী নীতির কারণেই সীমান্তে রক্তপাত থামছে না। বিএসএফ বাংলাদেশের সীমান্ত এলাকাকে ‘ব্লাড—স্পোর্ট’ বা রক্তক্ষয়ী খেলায় পরিণত করেছে। বাংলাদেশের মানুষকে নতজানু রাখার এটি একটি আধিপত্যবাদী বার্তা।
‘‘বিএসএফের ‘ডেলিবারেট কিলিং’ এখন সর্বজনবিদিত। নিয়ন্ত্রণহীন এসব হত্যাকাণ্ডের আশকারা দেয়া দিল্লির উগ্রতা আর ঢাকার নীরবতা। শেখ হাসিনা দিল্লির সঙ্গে অধীনতামূলক চিরস্থায়ী ‘রাজনৈতিক বন্দোবস্ত’ এর ফলশ্রুতি হচ্ছে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনায় নিশ্চুপ থাকা। মোহাম্মদ রইশুদ্দীনকে হত্যার ঘটনা পরদিন পর্যন্ত জানতেই পারেননি বলে জানিয়েছেন ক্ষমতাবিলাসী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী,’’ বলেন রিজভী।
ফেলানীসহ সব হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মহল এমনকি ভারতের বেশকিছু মানবাধিকার সংগঠন প্রতিবাদ, উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করলেও ভারতীয় কতৃর্পক্ষ এর কোনো বিচার বা প্রতীকার করেনি। কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর হৃদয়বিদারক লাশের দৃশ্য দেখে বাংলাদেশের মানুষের মনে এখনও ক্ষোভের আগুন জ্বলছে।
বিএনপি স্থায়ী কমিটির সভায় বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনকে নির্মমভাবে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবিসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।




