নাটোরে হত্যা মামলায় কারামুক্ত যুবলীগ নেতার পায়ের রগ কর্তন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত হওয়া পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার রাত ৮টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসু তার ওপর এই হামলার জন্য পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামানকে দায়ী করেছেন।
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হাসানুর রহমান হাসু বলেন, সোমবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে হাসপাতাল মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় গেলে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সমর্থক রাব্বির নেতৃত্বে একদল সশস্ত্র যুবক তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েছে। সন্ত্রাসীরা তার দুপায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তিনি একটি মিথ্যা মামলায় কারাগার থেকে গত দুদিন আগে জামিনে মুক্ত হয়েছেন।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হাসানুর রহমান হাসু গত ২২ জুন একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হন। ওই হত্যা মামলা থেকে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ঠিকাদারি কাজের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসুর সমর্থকদের মধ্যে নাটোর পৌরসভা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় রোকনুজ্জামান হিরোর সমর্থক শিশির নামে এক যুবক নিহত হন। ওই শিশির হত্যা মামলায় হাসানুর রহমান হাসু কারাগারে আটক ছিলেন।




