রাজশাহীতে বিএনপির ৩১ দফা প্রচারে হামলা

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে রাজশাহীর তানোরে হামলার শিকার হয়েছেন দলের এক নেতা।
রোববার বিকালে উপজেলা সদরে থানার মোড়ে পথসভা করার পর লিফলেট বিতরণের সময় হামলার শিকার হন বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এ ঘটনায় ইটের আঘাতে তিনিসহ কয়েকজন আঘাত পান। পরে স্থানীয়ভাবে তারা চিকিৎসা নেন।
বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের বাড়ি পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলায়। তিনি শিল্পপতি। সুলতানুল ইসলাম গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিএনপির দুঃসময় থেকেই তিনি দল ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে আছেন।
সুলতানুল ইসলামের পথসভায় অংশ নেওয়া বিএনপি নেতা আবদুল হামিদ জানান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের লোকজন সুলতানুল ইসলাম তারেককে লিফলেট বিতরণে বাধা দেয় এবং আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। মিজান এ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুসারী।
আবদুল হামিদ বলেন, রোববার রাতে সুলতানুল ইসলাম তারেক বাঁধাইড় ইউনিয়নে একটি ইসলামী জলশায় যোগ দেওয়ার কথা ছিল। সে জন্য তিনি কর্মী-সমর্থকদের নিয়ে তানোরে যান। বিকালে উপজেলা সদর থানার মোড়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় আরেক বিএনপি নেতা শরিফ উদ্দিনের অনুসারি তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানের লোকজন সেখানে গিয়ে বাধা দেন। এক পর্যায়ে তারা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পায়ে আঘাত পান সুলতানুল ইসলাম। এরপর তিনি একটি সংক্ষিপ্ত পথসভা করে সেখান থেকে চলে যান।
আবদুল হামিদ বলেন, সুলতানুল ইসলামের সঙ্গে যোগ দিতে তানোরের মুণ্ডুমালা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক চারটি মাইক্রোবাসে করে নেতাকর্মীদের নিয়ে আসছিলেন। সুলতানুল ইসলামের কাছে আসার আগে ওই বহরেও হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান মিজান বলেন, ‘আমি তো ঢাকায় আছি। তানোরে কী হয়েছে তার কিছুই জানি না।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সুলতানুল ইসলাম তারেক বলেন, ‘আমাদের বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে গেছে। তাই এ হামলা।’
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দলীয় কোন কর্মসূচি ছিল না। বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক জলসায় যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি তানোরে এসেছিলেন। তানোর এসে তিনি বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলটির আরেক গ্রুপের বাধার সম্মুখীন হন। ঘটনার সময় ইটের আঘাতে সুলতানুল ইসলাম সামান্য আহত হয়েছেন বলে শুনেছি।
ওসি বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে তিনি থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত করা হবে।’




