গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

পদ্মাটাইমস ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ দেড় মাস বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে, কমিশনের বাড়তি মেয়াদ ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের তদন্ত কমিশন ৩০ জুন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ পাবে। এর আগে, কমিশনকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
গত ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশনটি গঠিত হয়। এরপর একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, তারা মোট ১,৬০০টি গুমের অভিযোগ পেয়েছে, যার মধ্যে ৩৮৩টি অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। র্যাবের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি—মোট ১৭২টি। এ পর্যন্ত কমিশন ১৪০ জনের সাক্ষাৎকার নিয়েছে।
প্রথমে গত ২৭ আগস্ট কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরে বাতিল করে ১৫ সেপ্টেম্বর নতুন করে প্রজ্ঞাপন দেওয়া হয় এবং ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার সময় নির্ধারণ করা হয়।
নতুন প্রজ্ঞাপনে কমিশনের দায়িত্ব ও উদ্দেশ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে পাঁচ সদস্যের কমিশন অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কমিশন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা বা অনুরূপ বাহিনী এবং সরকারের মদদে সংঘটিত গুমের ঘটনা তদন্ত করবে। একই সঙ্গে, বলপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।
এছাড়া, বলপূর্বক গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশও করবে কমিশন।




