খুলনায় সশস্ত্র মহড়া, ফাঁকা গু(লি) ছুড়ে উল্লাস

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫; সময়: ১২:১১ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। ৮-১০টি মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর সোয়া ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন