জাতীয় সংসদে ৬০০ আসন করার প্রস্তাব
নারী আসনে সরাসরি ভোটের সুপারিশ

পদ্মাটাইমস ডেস্ক: জাতীয় সংসদের আসন সংখ্যা ৬০০-তে উন্নীত করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ ও একটি সংরক্ষিত নারী আসন রাখার কথা বলা হয়েছে। উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের প্রধান শিরীন পারভীন হক। এর আগে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেন তিনি ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, এবং বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ নভেম্বর মানবাধিকারকর্মী শিরীন পারভীন হকের নেতৃত্বে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।




