বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে স্থগিত হলো ঐতিহাসিক মাহফিল

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫; সময়: ১২:৫৩ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে স্থগিত করা হয়েছে অর্ধশতবর্ষী তাফসিরুল কোরআন মাহফিল। মঙ্গলবার রাতে শুরু হওয়ার কথা ছিল ৯ দিনব্যাপী ৬৯তম বার্ষিক এই মাহফিল, যা দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত।

বিএনপির দ্বন্দ্বের সূত্রপাত হয় মাহফিলে প্রধান অতিথি মনোনয়নকে ঘিরে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ককে ঘোষণা করা হলে এর প্রতিবাদ জানিয়ে পৌর বিএনপির আহ্বায়কের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ককে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত করা হলেও বিরোধ নিরসন হয়নি।

মাহফিলের দিন মঙ্গলবার সকালে দুই পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শেষমেশ মঙ্গলবার বিকেলে, অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে, মাহফিল স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

মাহফিল আয়োজন কমিটির পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি বাদশা জোমাদ্দার স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, “ভান্ডারিয়া বাজারে অনুষ্ঠিতব্য ৯ দিনব্যাপী মাহফিল অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে।”

মাহফিল বন্ধ হওয়ার প্রতিবাদে ভান্ডারিয়া পৌর এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন