মান্দায় এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের পর অস্বীকার, প্রধান শিক্ষক ধ’র্ষ’ণ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক আকরাম হোসেনকে নাটোরের বনপাড়া এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আকরাম হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মণ্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর বাবা এমদাদুল হক বুধবার মান্দা থানায় বাদী হয়ে আকরাম হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন।
ভুক্তভোগীর বাবা বলেন, “আমি অশিক্ষিত মানুষ। বিয়ের সময় এলাকার আলম নামের এক ব্যক্তি আমাকে কিছু কাগজে স্বাক্ষর করতে বলেন, আমি সেখানে স্বাক্ষর করি। পরে আমি বারবার বিয়ের নকল চাইলেও তারা তা দেয়নি। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারীদের সামনে আমাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়। আমার মেয়ে যদি তার স্ত্রী না হয়, তাহলে সে মেয়েটিকে ধর্ষণ করেছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।”
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, “মামলার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”




