ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে যুবকের আত্ম(হ)ত্যা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট: নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পারায় অভিমানে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের বাসিন্দা রহিদুল ইসলামের একমাত্র ছেলে। তিনি ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ মে) রাতে সাগর হোসেন নিজ ঘরে বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে জানা যায়, সাগর তার পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার কারণেই আত্মহত্যার পথ বেছে নেন। এ বিষয়টি তার বড় চাচা আব্দুর রহিম ও প্রতিবেশীরাও সমর্থন করেছেন। তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের সাথে কখনও কোনো মতবিরোধ হয়নি। সে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল—এমন কিছু আমরা জানতাম না।”
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ১০ মে সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




