আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

পদ্মাটাইমস ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিতভাবে এ অভিযোগ জমা দেন।
অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে সালাহউদ্দিন আহমদ বলেন, “গুম ও খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।” তবে এখনো এ সংক্রান্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, গুম ও খুনে জড়িতদের মধ্যে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যাঁরা এখনো পলাতক, তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ সব জড়িত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “যাঁরা গুম-খুনের সঙ্গে জড়িত, তাঁদের বিচার নিশ্চিত করতে হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে সবাইকে আইনের আওতায় আনা এবং দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করা।”
নিজের গুমের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন জানান, ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে যায়। ৬১ দিন পর তাঁকে আরেকটি দেশে পাচার করা হয়। এই সময়টিতে তাঁকে যে ঘরে আটকে রাখা হয়েছিল, সেই ঘরের বিবরণসহ বিস্তারিত তথ্য তিনি গুম কমিশনের কাছে উপস্থাপন করেছেন বলে জানান।




