ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

পদ্মাটাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন অটোরিকশা যাত্রী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা নবীনগর থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন-লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।




