যুদ্ধের দামামা: তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

চলমান পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।

প্রকাশিত: জুন ১৪, ২০২৫; সময়: ১১:৩৯ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় বিস্ফোরণে উত্তাল হয়ে উঠেছে শহরটি। একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরান ইন্টারন্যাশনাল এবং সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ইসফাহানে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে। পাল্টা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরান ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, তেহরানের একাধিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ফুটেজে দেখা গেছে, শহরের দুটি অঞ্চল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

এদিকে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার খবর জানিয়েছে দেশটির দুইটি সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা তাসনিম জানায়, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়া দেখা গেছে। প্রেস টিভিও সেখানে আগুনের খবর নিশ্চিত করেছে, তবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানানো হয়নি।

তেহরানের পাশাপাশি ইরানের উত্তরাঞ্চলীয় শহর জানজানের একটি সেনাঘাঁটিতেও আগুন জ্বলছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বিমান হামলায় সেখানে বিস্ফোরণ ঘটেছে।

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও আইআরজিসির কমান্ডার ছিলেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলে অন্তত দুইজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন