দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপদেষ্টাদের হরিপুর গেস্ট হাউজে পৌঁছে দেয়।

পদ্মাটাইমস ডেস্ক: সিলেটের জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু-পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা।
শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পরিদর্শনের পর ফেরার পথে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর লক্ষ্য করে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সড়কে জড়ো হয়ে গাড়িবহর ঘিরে ধরেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন উপদেষ্টাদের উদ্দেশ্যে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপদেষ্টাদের হরিপুর গেস্ট হাউজে পৌঁছে দেয়।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, “হঠাৎ কিছু শ্রমিক গাড়ি আটকে দেন। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দেই। উপদেষ্টারা নিরাপদেই গেস্ট হাউজে পৌঁছেছেন।”
তবে গোয়াইনঘাট ইউএনও রতন কুমার অধিকারী দুপুরে সাংবাদিকদের বলেন, “উনারা অনেক আগেই জাফলং ছেড়ে গেছেন।”
এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টাই।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটের নান্দনিক ও নৈসর্গিক এলাকাগুলোতে আর পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। এটি একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা চাই, পাথরখেকো না, এখানে টিকে থাকুক পর্যটন। তাই বিকল্প কর্মসংস্থানের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।”
অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “১৯৭১ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে, তখন একবার এসেছিলাম জাফলংয়ে। এত সুন্দর জায়গা কীভাবে ধ্বংস হয়ে গেছে! এখন আর পাথর উত্তোলন হবে না। এখানকার সব ক্র্যাশার সরাতে হবে। ডিসি ও বিভাগীয় কমিশনার বলেছেন, উত্তোলন বন্ধ আছে- তবে এখানে এত পাথর এলো কোথা থেকে?”




