আটক ছাত্রদল কর্মীকে ছাড়াতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ভিডিও ভাইরাল

পদ্মাটাইমস ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা থানা ঘেরাও করে ছাত্রদলের আটক এক কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (৫ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, রাতে পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। দীর্ঘ আলোচনার পর আটক ছাত্রদল কর্মী মানিককে ছেড়ে দেওয়া হয়।
বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ-যুবলীগের তৎপরতার প্রতিবাদে তারা থানায় যান এবং মানিককে ছাড়ানোর জন্য নয়, বরং তাকে যেন মামলা না দেওয়া হয় সে জন্য অনুরোধ করেন।
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধে মানিককে থানায় আনা হয়েছিল। কোনো মামলা না করে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, থানা ঘেরাও হয়নি, স্থানীয়ভাবে মিমাংসার জন্য মানিককে আনা হয়েছিল।
ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে থানা চত্বরে ঢোকার চেষ্টা করলে বিএনপির শীর্ষ নেতারা তাদের থামিয়ে গেটে অবস্থান নিতে বলেন। পরে ওসির সঙ্গে আলোচনা শেষে মানিককে ছেড়ে দেওয়া হয়।




