শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫; সময়: ১২:১২ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে অনুমোদন না পায়, তাহলে ‘ধানের শীষ’-ও প্রতীক হতে পারে না -এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এক বক্তব্যে জানান, ‘জাতীয় প্রতীক শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ প্রসঙ্গে সারজিস আলম লেখেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। সেক্ষেত্রে শাপলা যদি রাজনৈতিক প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও হতে পারে না। আর যদি জাতীয় প্রতীকের অংশ কোনো কিছু প্রতীক হতে পারে, তাহলে শাপলাও পারবে।”

তিনি আরও লেখেন, “জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহারে আইনগত কোনো বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে রয়েছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলে দেন!”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীককে সামনে রেখে নির্বাচনে অংশ নিতে চাইলেও নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্তের কারণে তারা আপাতত এ প্রতীক পাচ্ছে না। তবে এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন