১৮ মাসে মিয়ানমার থেকে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে

পদ্মাটাইমস ডেস্ক : গত ১৮ মাসে মিয়ানমার থেকে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র বাবার বালোচ জেনেভায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, রাখাইন রাজ্যে নিপীড়ন ও সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির কারণে হাজার হাজার মানুষ নিরাপত্তার আশায় বাংলাদেশে পালিয়ে আসছেন। নতুন আগতরা কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন, যেখানে ইতোমধ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপ রয়েছে।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়, তখন প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে।
বালোচ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।




