আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫; সময়: ১০:৫৩ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির পরপরই অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দক্ষিণে এবং ভূ-পৃষ্ঠের মাত্র ২০.১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়। জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, “সুনামির উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে কিছু প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহরের দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।

তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আলাস্কার বাইরের অঞ্চলে তাৎক্ষণিকভাবে কোনো সুনামির আশঙ্কা নেই।

উল্লেখ্য, আলাস্কা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগেও অঞ্চলটি ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার একটি ভূমিকম্প হয়, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত। সে সময় অ্যানকোরেজ শহর ধ্বংস হয়ে যায় এবং সৃষ্ট সুনামি হাওয়াইসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানে, প্রাণহানি ঘটে ২৫০ জনের বেশি মানুষের।

সম্প্রতি, ২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে তখন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং উপকূলীয় অধিবাসীদের সুনামির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন