বাংলাদেশে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার এ মন্তব্য করেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং তা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হবে।’
গোপালগঞ্জে সংঘর্ষ ও গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন,
‘আমাদের অঞ্চলজুড়ে যা কিছু ঘটে, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিই।’
ব্রিফিংয়ে ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংক্রান্ত বাংলাদেশ সরকারের অবস্থান প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ‘আমরা এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তি দেখেছি।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির প্রাক্কালে ভারত-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা সম্পর্কে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব রয়েছে। দুই দেশের নেতৃত্ব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গত ডিসেম্বরে ঢাকা সফর করেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকও হয়েছে।’
এ ছাড়া ভারত থেকে বাংলাদেশিদের দেওয়া চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত ভিসা ইস্যুর বিষয়েও তিনি বলেন, ‘জরুরি চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে বাংলাদেশিদের বিপুল সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে।’




