বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫; সময়: ৯:৩০ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

তিনি স্টারলিংককে কেবল ইন্টারনেট নয়, বরং ‘বিশ্বাসযোগ্য জীবনরক্ষাকারী’ হিসেবে অভিহিত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এটি নিরবিচ্ছিন্ন সংযোগ দিতে সক্ষম। ‘উচ্চগতির ইন্টারনেট এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতা।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব স্মরণ করিয়ে দেন, এক বছর আগে দেশে ইন্টারনেট শাটডাউন হয়েছিল। তিনি বলেন, ‘সেই অন্ধকারের এক বছর পর বাংলাদেশ আবার কানেক্টেড। এবার কেউ আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না।’

বিশ্বের ১৫০টির বেশি দেশে চালু থাকা স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দ্রুত সংযোগ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য এর সাশ্রয়ীতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ইমাদুর রহমানসহ অন্যরা।

তবে স্টারলিংকের কোনো প্রতিনিধি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।

স্পেসএক্সের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস বলেন, ‘বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা দ্রুত কার্যক্রম শুরু করেছি। এখানকার ব্যবসাবান্ধব পরিবেশ সত্যিই প্রশংসনীয়।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন