হাইওয়ে থানার সামনে বাসে আগুন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫; সময়: ১১:৩৪ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা- এমন সন্দেহ করছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ঈদুল আজহার আগে ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনায় পড়া আরএসএফ পরিবহনের বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা হয়েছিল। মালিকপক্ষের লোকজন রেখে বাসটি পাহারা দেয়ার ব্যবস্থা থাকলেও শনিবার দুপুরের পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, “আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ ইচ্ছে করে দিয়েছে কি-না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে হরতালের আগের রাতে এ ঘটনা সন্দেহজনক।”

উল্লেখ্য, আওয়ামী লীগের ডাকা ‘নিষিদ্ধ’ হরতালের আগের রাতে এই ঘটনা ঘটল। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন