ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৭ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক: ভিয়েতনামের উত্তরাঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টিতে জাহাজটি ডুবে যায়। সে সময় আকাশ অন্ধকার হয়ে আসে এবং শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। ৫৩ জন যাত্রী নিয়ে জাহাজটি সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার।
ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর এখনও ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও রাত পর্যন্ত তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধান এখনও চলছে।
প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে এবং কোনো ধরনের নিয়ম লঙ্ঘন হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র-বিবিসি




