প্রাথমিকের প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া

প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য।

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫; সময়: ১২:৩৩ am | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২,৩৮২টি পদের চাহিদাপত্র সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। অচিরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রণালয় ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৬৪৭টি পদ রয়েছে, যার ১০ শতাংশ সংরক্ষিত রেখে বাকি ২,৩৮২টি পদে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলেই ৩১ হাজার ৪৫৯টি পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের আশা, নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন হলে প্রাথমিক শিক্ষার মান ও কার্যক্রমে গতি আসবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন