মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পদ্মাটাইমস ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তান-মারান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শনিবার মালয়েশিয়ার দৈনিক বেরিতা হারিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন– মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত দুইজনকে তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িচালক মো. সাবের হাসানের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সও গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।
ঘটনার তদন্ত চলছে সড়ক পরিবহণ আইনের ৪১(১) ধারায়। পুলিশ নিহতদের নিয়োগকর্তা এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছে।




