তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন

পদ্মাটাইমস ডেস্ক: তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
ভূমিকম্পের কেন্দ্র ছিল বালিকেসিরের সিন্দিরগি শহরে। সেখান থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, এতে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে এবং ২৯ জন আহত হয়েছেন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের প্রভাব ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন পুরোপুরি ধসে গেছে এবং বিশাল ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে আর কোনো হতাহত বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক অবস্থানের কারণে তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং সিরিয়ায় আরও ৫ হাজার মানুষ নিহত হয়। বিধ্বংসী ওই ঘটনায় বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।




