বিএনপির ৩১ দফা বাস্তবায়নেই জনগণের মুক্তি সম্ভব: ব্যারিস্টার রেজাউল

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫; সময়: ৮:৪৩ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। সভায় স্থানীয় বিএনপির নেতবৃন্দ বক্ত্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু বিএনপি কখনও দেশ থেকে পালায়নি। পালাবেও না।’’

তিনি বলেন, ‘‘আগামীতে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ছায়াতলে আসতে হবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ”

ব্যারিস্টার রেজাউল করিম বলেন, “বিএনপির ৩১ দফা হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বিচারহীনতা এবং গণতন্ত্রহীনতার অবসান হবে। বিএনপির লক্ষ্য হচ্ছে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অবৈধ ও ফ্যাসিস্ট শাসনামলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, আইনের শাসন বিলীন, বিচার ব্যবস্থা দলীয়করণ এবং বিরোধী দলের হাজারো নেতাকর্মী মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়েছে। বিএনপির এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির সামনে একটি স্পষ্ট রূপরেখা।’’

এই দফাগুলোর মধ্যে রয়েছে- সাংবিধানিক সংস্কার, নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠা।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণের ভোটেই সরকার গঠিত হবে, আইন সবার জন্য সমান হবে এবং রাষ্ট্রযন্ত্র কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হবে না। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন