হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পদ্মাটাইমস ডেস্ক: ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. জাহাঙ্গীর।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিটভুক্ত ২৮৬ জনের মধ্যে অনেকে দেশে এবং অনেকে বিদেশে অবস্থান করছেন। দেশে থাকা আসামিরা যাতে পালিয়ে যেতে না পারেন এবং বিদেশে থাকা আসামিরা দেশে এলে যাতে তাদের আটক করা যায়, সে জন্য এই নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতা নিয়ে তিনি মামলার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। আদালত ১৪ আগস্ট চার্জশিট গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। ওই সভায় শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। পরবর্তীতে সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।




