ইছামতীর পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫; সময়: ১২:১৫ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার ইছামতী নদী পাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান ধর্মঘটে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা এবং কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিন্টু।

বক্তারা বলেন, প্রায় তিন দশক ধরে নিয়মিত খাজনা দিয়ে আসা চার দফা রেকর্ডভুক্ত এসব জমি হঠাৎ অবৈধ ঘোষণা করে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অন্যায়। তারা বলেন, “নদী বাঁচুক, মানুষও বাঁচুক। কিন্তু বৈধ বসতিদের উচ্ছেদ মেনে নেওয়া যাবে না।” তাদের দাবি, নদীপাড়ের জমি অধিগ্রহণ করে বৈধ বসতিদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন