পোরশায় সকালে নিখোঁজ কন্যা শিশু, দুপুরে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক, পোরশা: নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া (চককিত্তলি) গ্রামে সকালে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নয় বছরের কন্যা শিশু সুমাইয়া খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহত সুমাইয়া ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে কুশারপাড়া মাদরাসায় (মক্তব) পড়ালেখা শেষে সাড়ে ৮টার দিকে সুমাইয়া বাড়ি ফেরে। বই রেখে খাওয়া না করেই সে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে খেলতে যায়। পরে মা ও খালা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়ের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ করেন, কিন্তু কোনো খোঁজ মেলেনি।
প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পাশের হিরাডাঙা গ্রামের অনিলের স্ত্রী সেফালী বেগম কুশারপাড়া গ্রামের এক আমবাগানে ঘাস কাটতে গিয়ে সুমাইয়ার লাশ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় অভিভাবকরা নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।




