পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা: ফখরুল

পদ্মাটাইমস ডেস্ক: সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো কিছুই তারা মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিচ্ছে, তার অধিকাংশই বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই আগে থেকে অন্তর্ভুক্ত। আগামী ১৭ অক্টোবর এ বিষয়ে সনদ স্বাক্ষর হবে বলে জানান তিনি। তবে যেসব বিষয়ে এখনো মতৈক্য হয়নি, সেগুলো নির্বাচনের সময় জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্ধারিত হবে।
বিএনপি মহাসচিব বলেন, নতুন ধারণা ‘সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর)’ নিয়ে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। এই প্রস্তাব সংস্কার কমিশনের নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের। পিআর নিয়ে যেসব আলোচনা ও আন্দোলন চলছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। তিনি জোর দিয়ে বলেন, পিআর জনগণ গ্রহণ করবে না, এবং কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হলে তা দেশের মানুষ মেনে নেবে না।
ফখরুল আরও বলেন, জনগণ এখন এমন একটি নির্বাচন চায়, যার মাধ্যমে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবে এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ১৪ মাসে রাতারাতি সংস্কার সম্পন্ন হওয়ার বিষয়টি জনগণ বিশ্বাস করে না। তিনি আহ্বান জানান, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন আবার হারিয়ে না যায়। ষড়যন্ত্রকারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইলেও দেশের জনগণই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা রক্ষা করবে।




