নাটোরে ব্যবসায়ীর গুদামে সাড়ে ১৩ টন গুলির খোসা, তোলপাড়

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫; সময়: ১০:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদবাজার এলাকায় এক ব্যবসায়ীর গুদামে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা (এমটি কার্টিজ) মজুদ থাকার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার আহমেদবাজারে অবস্থিত শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির গুদামে এসব গুলির খোসা পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ট্রাকযোগে গুলির খোসাগুলো গুদামে নামানো হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে শনিবার দুপুরের দিকে বিষয়টি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বাজার এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়।

এ নিয়ে ব্যবসায়ী শিহাব উদ্দিন বলেন, “গুলির খোসাগুলো আমি রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেছি। এগুলো আমার কারখানায় শিল্পকারখানার কাজে ব্যবহৃত হবে।”

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তে জানা গেছে, ব্যবসায়ী শিহাব উদ্দিন নিয়ম মেনে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এমটি কার্টিজগুলো ক্রয় করেছেন। তিনি প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র দেখিয়েছেন।”

তিনি আরও বলেন, “গুলির খোসাগুলো কারখানায় শিল্পকারখানার কাজে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত এতে কোনো ধরনের আইনি জটিলতা বা নিরাপত্তা ঝুঁকি নেই।”

স্থানীয়রা জানান, হঠাৎ বিপুল পরিমাণ গুলির খোসা আসায় প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে পুলিশ প্রশাসনের ব্যাখ্যা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন