হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

পদ্মাটাইমস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আগামী সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ মামলার রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই বিচারপতি হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাইয়ের অভ্যুত্থান-পরে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রায়টি সরাসরি সম্প্রচার করা হবে, পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে বিচারপ্রক্রিয়া।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।
রায় উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি জানিয়েছে, অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।




