শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচ অভিযোগ

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে।
এই অভিযোগগুলো হলো- উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনজনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে পলাতক। দুজনই ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এ মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রায় প্রকাশ হতে যাচ্ছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ তাঁরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, প্রসিকিউশন তা মেনে নেবেন।
তিনি আরও জানান, রায়ের যে অংশটি ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সেটুকু অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য আগে আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। প্রসিকিউটর মোনাওয়ার জানান, রায়ে যদি তাঁর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়, তাহলে ইন্টারপোলে ‘কনভিকশন ওয়ারেন্ট’ পাঠিয়ে নতুন করে রেড নোটিশ জারির আবেদন করা হবে।




