তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

পদ্মাটাইমস ডেস্ক: সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্যান্য বিচারপতি ছিলেন- মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আদালতকক্ষে আইনজীবী ও সাংবাদিকদের ভিড়ে এজলাস ছিল কানায় কানায় পূর্ণ।
রায়ে আপিল বিভাগ জানায়, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
গত ১১ নভেম্বর শুনানি শেষে ২০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। শুনানির সময় বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সামনের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়াই যৌক্তিক। তবে পরবর্তী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে আয়োজন করতে হবে।
২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৎকালীন আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। যদিও এ বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।
চলতি বছরের ২৭ আগস্ট ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।
সেই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দিগন্ত খুলে দিল সর্বোচ্চ আদালতের এই রায়।




