রাজশাহীতে বিচারকপুত্র হত্যায় লিমন ফের পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫; সময়: ৪:৫৯ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা ও তার স্ত্রী তাসমিন নাহার লুসীকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার লিমন মিয়ার (৩৪) আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ -এ হাজির করে সাত দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আশিকুর রহমান পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ওইদিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাকে আবার আদালতে তোলা হয়।

রাজশাহী নগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, লিমন মিয়ার পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন কৌঁশলী আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক নতুন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, ‘‘আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপাড়া থানার ওসি হবিবুর রহমান। তিনি নিজেই লিমনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে ফের থানায় নেওয়া হয়েছে।’’

গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করে আসামী লিমন মিয়া। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর দিন ছেলে হত্যা ও স্ত্রী জখমের ঘটনায় বিচারক আব্দুর রহমান বাদী হয়ে ৩৪ বছর বয়সী লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন